১০ অক্টোবর ২০১২ - ০৩:১১

সিরিয়ার পশ্চিমাঞ্চলীয় হোমস শহরের বিদ্রোহী নিয়ন্ত্রিত খালদিয়ে এলাকায় সেনাবাহিনী ঢুকে পড়েছে।

বার্তা সংস্থা আবনা : সিরিয়ার পশ্চিমাঞ্চলীয় হোমস শহরের বিদ্রোহী নিয়ন্ত্রিত খালদিয়ে এলাকায় সেনাবাহিনী ঢুকে পড়েছে। সরকারি বাহিনীর হামলায় হোমসে ১০০ বিদ্রোহী নিহত হওয়ার একদিন পর এ খবর এলো।

খালদিয়ে এলাকায় এখনো বিদ্রোহী ও সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষ চলছে। সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে- খালদিয়ে এলাকার বিরাট অংশ এরইমধ্যে সেনাবাহিনী নিয়ন্ত্রণে নিয়েছে। এখন বাকি বিদ্রোহীদের বিতাড়নের কাজ চলছে। এ ছাড়া, হোমসের কুসাইর এলাকায় সেনাবাহিনীর হাতে বহুসংখ্যক সশস্ত্র গেরিলা নিহত হয়েছে। এদের বেশিরভাগ চেচেন ও আফগান নাগরিক বলে জানা গেছে।

গত কয়েক মাস ধরে পুরো খালদিয়ে এলাকা বিদেশি মদদপুষ্ট বিদ্রোহীরা নিয়ন্ত্রণ করে আসছিল।

এদিকে, সিরিয়ার রাজধানী দামেস্কের একটি সেনা ঘাঁটির কাছে শক্তিশালী বোমা হামলা হয়েছে। পরপর দু'টি বোমার আঘাতে বহু মানুষ হতাহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। এর মধ্যে একটি বোমা পাতা ছিল অ্যাম্বুলেন্সের মধ্যে।

তেহরান রেডিও